বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (28/11/2025 1st Shift)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) Group-D পরীক্ষায় General Science (সাধারণ বিজ্ঞান) একটি অত্যন্ত স্কোরিং এবং গুরুত্বপূর্ণ বিষয়। রেলের পরীক্ষায় চূড়ান্ত সাফল্য পেতে হলে বিগত বছরের প্রশ্ন (PYQ) সমাধানের কোনো বিকল্প নেই।
আজকের এই পর্বে (Set 4) আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 28শে নভেম্বর, 2025 সালের প্রথম শিফটে (1st Shift) অনুষ্ঠিত RRB Group-D পরীক্ষায় আসা বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর।
1. রাদারফোর্ডের α-কণা বিক্ষেপণের পরীক্ষা কী আবিষ্কারে সাহায্য করে?
- (A) নিউক্লিয়াস
- (B) নিউট্রন
- (C) ইলেকট্রন
- (D) প্রোটন
রাদারফোর্ডের আলফা-কণা বিক্ষেপণ পরীক্ষা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আবিষ্কারে সাহায্য করে। এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড দেখান যে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর তার কেন্দ্রস্থলে একটি ক্ষুদ্র স্থানে জমা থাকে।
2. কোনো পদার্থ কঠিন, তরল নাকি গ্যাসীয়, তা কীসের দ্বারা নির্ধারিত হয়?
a. তাপমাত্রা
b. চাপ
c. আয়তন
- (A) শুধুমাত্র a এবং c
- (B) শুধুমাত্র b এবং c
- (C) a, b এবং c
- (D) শুধুমাত্র a এবং b
কোনো পদার্থ কঠিন, তরল নাকি গ্যাসীয় অবস্থায় থাকবে, তা মূলত তাপমাত্রা এবং চাপ —এই দুটির ওপর নির্ভর করে নির্ধারিত হয়।
তাপমাত্রা: তাপমাত্রা বাড়ালে পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। এতে কঠিন পদার্থ গলে তরল এবং তরল পদার্থ বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হতে পারে।
চাপ: চাপ বাড়ালে কণাগুলো কাছাকাছি চলে আসে। এটি গ্যাসকে তরলে বা তরলকে কঠিন অবস্থায় আনতে সাহায্য করে।
3. সাদা আলো যখন কাচের প্রিজমের উপর আপতিত হয়, তখন তার সমস্ত উপাদান বর্ণের মধ্যে বেগুনি বর্ণ সর্বাধিক বাঁক নেয় কেন?
- (A) বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক এবং তাই এর প্রতিসরাঙ্কও সর্বাধিক।
- (B) বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন এবং তাই এর প্রতিসরাঙ্ক সর্বাধিক।
- (C) বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক এবং তাই এর প্রতিসরাঙ্ক সর্বনিম্ন।
- (D) বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন এবং তাই এর প্রতিসরাঙ্কও সর্বনিম্ন।
প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর প্রতিসরণ তরঙ্গদৈর্ঘ্যের ওপর নির্ভর করে। আলোর তরঙ্গদৈর্ঘ্য কমলে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়ে। প্রতিসরাঙ্ক বাড়লে আলোর বিচ্যুতি বা বাঁক নেওয়ার পরিমাণ বেশি হয়। দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। কাচের প্রিজমে এর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়। বেশি প্রতিসরাঙ্কের কারণে এটি সবচেয়ে বেশি বাঁক নেয়।
4. নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়াটি লক্ষ্য করুন:
H₂S + I₂ → 2HI + S
নিচের কোন বিবৃতিটি এই রেডক্স বিক্রিয়াটিকে ঠিকভাবে বর্ণনা করে?
বিবৃতি:
I: হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার উৎপন্ন করে।
II: আয়োডিন বিজারিত হয়ে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে।
- (A) শুধুমাত্র বিবৃতি I ঠিক
- (B) শুধুমাত্র বিবৃতি II ঠিক
- (C) বিবৃতি I এবং II উভয়ই ঠিক
- (D) বিবৃতি I এবং II উভয়ই ভুল
যে রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে জারণ (Oxidation) এবং বিজারণ (Reduction) ঘটে, তাকে রেডক্স (Redox) বা জারণ-বিজারণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং অন্য পদার্থ সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
এখানে হাইড্রোজেন সালফাইড (\(H_{2}S\)) থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে সালফার (\(S\)) উৎপন্ন হয় (জারণ বা জারিত হওয়া), এবং আয়োডিন (\(I_{2}\)) হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড (\(HI\)) উৎপন্ন করে (বিজারিত হওয়া)।
5. নিম্নলিখিত কোন উদাহরণটি লাইসোজোমের কার্যক্ষমতার বাস্তব ভূমিকাকে সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে?
- (A) আপনাকে ব্যথা অনুভব করতে সাহায্য করার জন্য একটি স্নায়ু কোষের সংকেত প্রেরণ করা
- (B) সালোকসংশ্লেষণের মাধ্যমে একটি সবুজ পাতার খাদ্য তৈরি করা
- (C) একটি শ্বেত রক্তকণিকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া গিলে ফেলা এবং ভেঙে ফেলা
- (D) পেশীতে একটি লোহিত রক্তকণিকার অক্সিজেন সরবরাহ করা
লাইসোজোম কোষে থাকা ক্ষতিকর বা অপ্রয়োজনীয় বস্তু, যেমন ক্ষতিকারক ব্যাকটেরিয়া এনজাইমের সাহায্যে ভেঙে ফেলতে বা পরিপাক করতে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু গিলে ফেলে এবং লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইম সেই জীবাণুকে নষ্ট করে দেয়।
লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি (Suicide Bag) বলা হয়।
6. দ্বি-বিভাজনের সময় কতগুলি অপত্য কোষ সৃষ্টি হয়?
- (A) শূন্য
- (B) এক
- (C) চার
- (D) দুই
দ্বি-বিভাজনের (binary fission) সময় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সর্বদা দুটি অপত্য কোষ (two daughter cells) সৃষ্টি করে। অ্যামিবা এবং ব্যাকটেরিয়ার মতো এককোশী জীবদের প্রধান প্রজনন পদ্ধতিই হলো এই দ্বি-বিভাজন বা বাইনারি ফিশন।
7. একজন শিক্ষার্থী পরাগযোগের আগে একটি ফুলের গর্ভদণ্ড কেটে ফেলে। এর ফলে কী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?
- (A) পরাগযোগ আরও দ্রুত হবে।
- (B) পরাগনালিকা আরও দ্রুত বিকশিত হবে।
- (C) ডিম্বক একটি বীজে পরিণত হবে।
- (D) নিষেক ঘটবে না।
গর্ভদণ্ড কেটে ফেললে পরাগরেণু গর্ভমুণ্ডে পৌঁছাতে পারে না বা ডিম্বাণু পর্যন্ত পৌঁছানোর পথ বন্ধ হয়ে যায়, যার ফলে পরাগযোগ ও নিষেক প্রক্রিয়া ব্যাহত হয় এবং নিষেক ঘটে না।
8. উদ্ভিদের কোশে রসস্ফীতি এবং কুঞ্চন হওয়ার প্রক্রিয়া, যা আকৃতি এবং চলনে পরিবর্তন ঘটায়, তা কোন কারকের (factor) জন্য ঘটে?
- (A) তাদের অভ্যন্তরীণ জলের পরিমাণের পরিবর্তনের জন্য।
- (B) তাদের কোষ প্রাচীর অনমনীয় হয়ে যাওয়ার জন্য।
- (C) সেলুলোজের দ্রুত ভাঙনের জন্য।
- (D) নতুন প্রোটিন কাঠামো গঠনের জন্য।
উদ্ভিদের কোষে জল প্রবেশ করলে রসস্ফীতি (turgidity) ঘটে এবং কোশ থেকে জল বেরিয়ে গেলে কুঞ্চন (plasmolysis/flaccidity) ঘটে, যা তাদের আকৃতি ও চলনে পরিবর্তন ঘটায়।
9. পৃথিবীর অভিকর্ষজ বল সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক?
- (A) এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে না।
- (B) এটি বস্তুর ভরের উপর নির্ভর করে।
- (C) এটি একটি অ-কেন্দ্রীয় বল (non-central force)।
- (D) এটি পৃথিবীর কেন্দ্র থেকে বিপরীত অভিমুখে কাজ করে।
অভিকর্ষ বল \(F = \frac{GMm}{r^2}\), যা বস্তুর ভরের উপর সরাসরি নির্ভর করে।
অভিকর্ষজ বল পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই এটি দূরত্বের উপর নির্ভর করে। এটি পৃথিবীর কেন্দ্রের দিকে (অভিমুখে) কাজ করে।
10. হাইড্রার কোরকোদগম প্রক্রিয়ার সঙ্গে জড়িত ধাপগুলির সঠিক ক্রম কোনটি?
- (A) কোরকের সৃষ্টি → কোরকের পূর্ণতালাভ → কোরকের জনিতৃ জীবদেহ থেকে আলাদা হয়ে যাওয়া →নতুন অপত্য জনু
- (B) কোরকের পূর্ণতালাভ → কোরকের সৃষ্টি → কোরকের জনিতৃ জীবদেহ থেকে আলাদা হয়ে যাওয়া → নতুন অপত্য জনু
- (C) নতুন অপত্য জনু → কোরকের পূর্ণতালাভ → কোরকের জনিতৃ জীবদেহ থেকে আলাদা হয়ে যাওয়া → কোরকের সৃষ্টি
- (D) কোরকের সৃষ্টি → কোরকের জনিতৃ জীবদেহ থেকে আলাদা হয়ে যাওয়া → কোরকের পূর্ণতালাভ → নতুন অপত্য জনু
হাইড্রার কোরকোদগম বা বাডিং প্রক্রিয়ার সঠিক ধাপের ক্রমটি হলো: প্রথমে কোরকের সৃষ্টি, তারপর কোরকের পূর্ণতা লাভ এবং সবশেষে কোরকের জনিতৃ জীবদেহ থেকে আলাদা হয়ে নতুন অপত্য হাইড্রা হিসেবে আত্মপ্রকাশ।
11. নিম্নোক্ত কোনটি স্থিতিশক্তির একটি উদাহরণ?
- (A) টেবিলের উপর রাখা একটি বই
- (B) একটি চলমান ট্রেন
- (C) একটা ঘূর্ণায়মান গোলক
- (D) একটি প্রবহমান নদী
টেবিলের উপর রাখা একটি বই হলো স্থিতিশক্তির একটি সঠিক উদাহরণ। কারণ বস্তুটি স্থির অবস্থায় আছে এবং তার অবস্থান বা উচ্চতার জন্য শক্তি সঞ্চয় করে রেখেছে।
চলমান ট্রেন, ঘূর্ণায়মান গোলক, প্রবহমান নদী — এগুলি গতিশক্তির উদাহরণ।
12. একটি ধাতব পরিবাহীর রোধ, ________ এর সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।
- (A) দৈর্ঘ্য হ্রাস
- (B) তাপমাত্রা বৃদ্ধি
- (C) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি
- (D) তাপমাত্রা হ্রাস
ধাতব পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে তার ভেতরের মুক্ত ইলেকট্রন এবং পরমাণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বেড়ে যায়। এর ফলে ইলেকট্রন প্রবাহে বেশি বাধার সৃষ্টি হয়, অর্থাৎ রোধ বৃদ্ধি পায়।
দৈর্ঘ্য হ্রাস পেলে রোধ কমে যায়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ কমে যায়। তাপমাত্রা হ্রাস পেলে ধাতব পরিবাহীর রোধ কমে যায়।
13. নিচের কোন বিবৃতিটি সঠিক?
বিবৃতি 1: একটি তড়িৎবাহী সোজা পরিবাহীর চারপাশে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র রেখাগুলি, তার বরাবর সমকেন্দ্রিক বৃত্ত তৈরি করে।
বিবৃতি 2: এই চৌম্বক ক্ষেত্র রেখাগুলির অভিমুখ, ডানহাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম ব্যবহার করে নির্ধারণ করা যেতে পারে।
- (A) উভয় বিবৃতি 1 এবং 2 ভুল।
- (B) বিবৃতি 1 ভুল, কিন্তু বিবৃতি 2 ঠিক।
- (C) উভয় বিবৃতি 1 এবং 2 ঠিক।
- (D) বিবৃতি 1 ঠিক, কিন্তু বিবৃতি 2 ভুল।
সোজা তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক বলরেখাগুলি তারকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বৃত্তাকার হয় এবং এদের দিক ডানহাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম দিয়ে নির্ণয় করা যায়।
14. তরঙ্গের বিস্তার বৃদ্ধি পেলে, __________ বৃদ্ধি পায়।
- (A) দ্রুতি
- (B) তরঙ্গের শক্তি
- (C) কম্পাঙ্ক
- (D) তরঙ্গদৈর্ঘ্য
তরঙ্গের বিস্তার বৃদ্ধি পেলে তার প্রাবল্য (বা তীব্রতা) এবং শক্তি বৃদ্ধি পায়। শব্দের ক্ষেত্রে বিস্তার বাড়লে শব্দ জোরালো হয়।
15. একটি আবাসন, রোজকার বর্জ্যকে দু'টি বালতিতে আলাদা করে রাখা শুরু করেছে- রান্নাঘরের বর্জ্যের জন্য সবুজ বালতি এবং প্লাস্টিক, ধাতু ও কাচের জন্য নীল বালতি। এর প্রধান সুবিধা কী?
- (A) এটি বর্জ্য সংগ্রহ প্রক্রিয়াকে দ্রুততর করে তোলে।
- (B) এটি উৎপাদিত বর্জ্যের পরিমাণ বৃদ্ধি করে।
- (C) এটি আবর্জনার দুর্গন্ধ কমায়।
- (D) এটি জৈব-বিয়োজ্য বর্জ্য থেকে জৈব-অবিয়োজ্য বর্জ্যকে আলাদা করতে সাহায্য করে।
সবুজ বালতি (রান্নাঘরের বর্জ্য): এটি পচনশীল বা জৈব-বিয়োজ্য বর্জ্য (biodegradable waste)। নীল বালতি (প্লাস্টিক, ধাতু, কাচ): এটি অপরিবর্তনশীল বা জৈব-অবিয়োজ্য বর্জ্য (non-biodegradable waste)। এই দুই ধরনের আবর্জনা আলাদা থাকায় সহজে পুনর্ব্যবহার (recycling) এবং সার তৈরি করা যায়।
16. জড়তা এবং ভরের মধ্যকার সম্পর্ককে প্রদর্শন করার জন্য, একজন শিক্ষার্থী একটি ফুটবলকে লাথি মারার ক্ষেত্রে যত জোর লাগে এবং সমান আকারের একটি পাথরকে লাথি মারার ক্ষেত্রে যত জোর লাগে তার তুলনা করে। পাথরটিকে লাথি মারার ক্ষেত্রে লাগা জোর এবং আঘাতের সম্ভাবনা দুটিই বেশি হয়। এই পরীক্ষার দ্বারা কোন মৌলিক নীতিটি প্রমাণিত হয়?
- (A) পাথরের পরমাণুগুলিকে একসঙ্গে ধরে রাখা কেন্দ্রাভিমুখী বলকে কাটিয়ে ওঠার জন্য পাথরের উপর প্রয়োগ করা বলটি যথেষ্ট নয়।
- (B) পাথরটি প্রথম গতিসূত্রের অধীনে আসে, যেখানে ফুটবলটি দ্বিতীয় গতিসূত্রের অধীনে আসে।
- (C) পাঘরটির ভর বেশি হওয়ার ফলে জড়তা বেশি হয়, অর্থাৎ স্থিরাবস্থাকে পরিবর্তনের ক্ষেত্রে এটির রোধ অনেক বেশি হয়।
- (D) পাথরের পৃষ্ঠতলের ঘর্ষণ কম, যার ফলে সমস্ত বল স্থানান্তরিত হয়ে যায়।
কোনো বস্তুর ভর যত বেশি হয়, তার জড়তাও তত বেশি হয়। জড়তা হলো বস্তুর তার বর্তমান অবস্থা (স্থির বা গতিশীল) বজায় রাখার প্রবণতা।
সমান আকারের ফুটবল ও পাথরের মধ্যে পাথরের ভর অনেক বেশি। তাই পাথরের জড়তা বেশি থাকায় এর অবস্থা পরিবর্তন করতে বেশি জোর বা বল লাগে। আঘাত বা ব্যথা পাওয়ার সম্ভাবনাও তাই বেশি হয়।
17. নিম্নোক্ত কোন অঙ্গটি বৃদ্ধি হরমোন নিঃসরণকারী কারক (growth hormone releasing factor) নিঃসরণ করে, যা পিটুইটারি গ্রন্থিকে বৃদ্ধি হরমোন নিঃসরণে উদ্দীপিত করে?
- (A) থাইমাস
- (B) হাইপোথ্যালামাস
- (C) অগ্ন্যাশয়
- (D) অ্যাড্রিনাল গ্রন্থি
হাইপোথ্যালামাস বৃদ্ধি হরমোন নিঃসরণকারী কারক (GHRH) তৈরি করে যা পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে।
হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি ছোট অংশ। এটি পিটুইটারি গ্রন্থিকে নির্দেশ দেয়। এটি শরীরের তাপমাত্রা ঠিক রাখে।
18. নিউটনের প্রথম গতিসূত্রকে, ________ এর সূত্রও বলা হয়।
- (A) জাড্য বা জড়তা
- (B) বল
- (C) ত্বরণ
- (D) ক্রিয়া এবং প্রতিক্রিয়া
নিউটনের প্রথম গতি সূত্রটিকে জাড্যতার সূত্রও বলা হয় কারণ জাড্যতা হল একটি বস্তুর সেই বৈশিষ্টয় যার কারণে এটি স্থির বা গতিশীল থাকার প্রবণতা রাখে এবং প্রথম গতি সূত্র অনুযায়ী একটি বস্তু তার স্থিতাবস্থা বা গতিশীলতা অব্যাহত রাখে যতক্ষণ না কোনও ভারসাম্যহীন বল এর উপর প্রয়োগ করা হয়।
একটি বল স্থির থাকবে যতক্ষণ না একটি বাহ্যিক শক্তি এটির উপর কাজ করে এবং একটি বহিরাগত শক্তি এটিকে থামানো পর্যন্ত এটি অবিচ্ছিন্ন গতিতে গতিশীল থাকবে।
19. সক্রিয়তা শ্রেণির নিচের দিকে পাওয়া ধাতুগুলি (যেমন, সোনা, রূপা, প্ল্যাটিনাম) সাধারণত প্রকৃতিতে কোন অবস্থায় পাওয়া যায়?
- (A) কার্বনেট হিসেবে যার জন্য অপজারণ (roasting) প্রয়োজন হয়
- (B) সালফাইড হিসেবে যার ভস্মীকরণ (calcination) প্রয়োজন
- (C) তীব্র বিক্রিয়াশীল অক্সাইড হিসেবে
- (D) তাদের মুক্ত অবস্থায়
সক্রিয়তা শ্রেণির নিচের দিকে থাকা কম সক্রিয় ধাতুগুলি (যেমন সোনা, রূপা, প্লাটিনাম) প্রকৃতিতে মুক্ত অবস্থায় বা মৌলিক অবস্থায় পাওয়া যায়। এরা বাতাসে থাকা অক্সিজেন, জল বা অন্যান্য উপাদানের সাথে সহজে বিক্রিয়া করে না। এরা কম বিক্রিয়াশীল ধাতু এবং অন্য মৌলের সাথে যৌগ তৈরি করে না।
20. বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম সালফেটের বিক্রিয়া হল একটি ________ বিক্রিয়া।
- (A) বিয়োজন
- (B) দ্বি-প্রতিস্থাপন
- (C) সংযোজন
- (D) জারণ
বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম সালফেটের বিক্রিয়াটি হলো একটি দ্বি-প্রতিস্থাপন (বা উভয় প্রতিস্থাপন) বিক্রিয়া। এই বিক্রিয়ায় দুই যৌগের মূলকগুলি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নতুন দুটি যৌগ তৈরি করে।
বিক্রিয়াটি হলো: \(\text{BaCl}_2 + \text{Na}_2\text{SO}_4 \rightarrow \text{BaSO}_4\downarrow + 2\text{NaCl}\)
বেরিয়াম আয়ন (\(\text{Ba}^{2+}\)) ও সোডিয়াম আয়ন (\(\text{Na}^{+}\)) নিজেদের স্থান বদল করে। বিক্রিয়াটিতে বেরিয়াম সালফেটের (\(\text{BaSO}_{4}\)) সাদা অধঃক্ষেপ পড়ে।
21. অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি ঠিক নয়?
(i) অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব, পর্দায় পাওয়া যায় না।
(ii) অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব, পর্দায় পাওয়া যায়।
(iii) বস্তুর আকারের তুলনায় গঠিত প্রতিবিম্বটি সর্বদা আকারে ছোট হয়।
(iv) বস্তুর আকারের তুলনায় গঠিত প্রতিবিম্বটি সর্বদা আকারে বড় হয়।
- (A) (i) এবং (iii) উভয়ই
- (B) (ii) এবং (iv) উভয়ই
- (C) (i) এবং (iv) উভয়ই
- (D) (ii) এবং (iii) উভয়ই
অবতল লেন্স সর্বদা অসদ বা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে যা পর্দায় ফেলা যায় না। এছাড়া অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা বস্তুর তুলনায় আকারে ছোট হয়। অবতল লেন্স (Concave Lens) সর্বদা অসদ (virtual) ও সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে।
22. একটি অসম্পৃক্ত কার্বন যৌগের সংজ্ঞায়ক বৈশিষ্ট্য কী?
- (A) এতে কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে।
- (B) সমস্ত কার্বন পরমাণু শুধুমাত্র একক বন্ধন দ্বারা সংযুক্ত।
- (C) এটিতে সর্বদা অক্সিজেন সহ একটি কার্যকরী মূলক থাকে।
- (D) এটি কেবল চক্রীয় গঠন তৈরি করে।
অসম্পৃক্ত কার্বন যৌগের কার্বন শিকলে অন্তত একটি দ্বিবন্ধন (Double bond) বা ত্রিবন্ধন (Triple bond) থাকে। এরা সাধারণত অ্যালকিন (Alkene) বা অ্যালকাইন (Alkyne) শ্রেণীর হয়।
23. নিচের কোন ঘটনাটি পদার্থের কণার মধ্যে ফাঁকা স্থানের উপস্থিতি প্রদর্শন করে?
- (A) কঠিন পদার্থকে উত্তপ্ত করা
- (B) তরলের জমাট বাঁধা
- (C) জলে চিনি দ্রবীভূত করা
- (D) গ্যাসকে সংকুচিত করা
জলে চিনি মেশানোর পর চিনির কণাগুলো জলের কণার মাঝখানের ফাঁকা জায়গায় ঢুকে যায়। ফলে জলের আয়তন না বেড়ে চিনি পুরোপুরি মিশে যায়। এটি পদার্থের কণাগুলোর মাঝে ফাঁকা স্থান থাকার প্রমাণ দেয়।
24. একটি তীব্র অ্যাসিড এবং একটি তীব্র ক্ষারক দ্বারা গঠিত লবণ দ্রবণের আনুমানিক pH কত?
- (A) তাপমাত্রার উপর নির্ভর করে 7 এর কম বা বেশি হতে পারে
- (B) 7 এর বেশি
- (C) 7 এর কম
- (D) 7 এর সমান
তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার পরস্পর সম্পূর্ণ প্রশমিত হয়ে নিরপেক্ষ লবণ ও জল উৎপন্ন করে। এই লবণের আয়নগুলো জলের সঙ্গে আর্দ্রবিশ্লেষিত (hydrolysis) হয় না। ফলে দ্রবণে হাইড্রোজেন আয়ন (\(H^{+}\)) বা হাইড্রোক্সাইড আয়ন (\(OH^{-}\)) এর অতিরিক্ত আধিক্য থাকে না। তাই সাধারণ অবস্থায় এর pH ঠিক 7 হয়।
25. ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের প্রধান কাজ কী?
- (A) কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করা
- (B) বর্জ্যপদার্থ পরিপাক করা
- (C) শক্তি উৎপাদন
- (D) খাদ্য সংরক্ষণের ইউনিট হিসেবে কাজ করা
ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের প্রধান কাজ হলো কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করা। নিউক্লিয়াস কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে এবং ডিএনএ (DNA) এর মধ্যে জিনগত তথ্য জমা রাখে। নিউক্লিয়াসকে কোষের 'মস্তিষ্ক' বলা হয়। এর মধ্যে ক্রোমোজোম ও ডিএনএ (DNA) থাকে, যা কোষের বৃদ্ধি, বিভাজন এবং সমস্ত বিপাকীয় বা জীবন প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।
কোষে বর্জ্যপদার্থ পরিপাক বা ধ্বংস করার কাজ করে লাইসোজোম (Lysosome)। কোষে শক্তি উৎপাদনের মূল কাজটি সম্পন্ন করে মাইটোকন্ড্রিয়া (Mitochondria), যাকে কোষের শক্তিঘর বলা হয়।
কোষে খাদ্য ও জল সঞ্চয় বা সংরক্ষণের ইউনিট হিসেবে কাজ করে ভ্যাকুওল বা কোষগহ্বর (Vacuole)।

Social Plugin